ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাকে হত্যার ঘটনায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ads

চট্টগ্রামে দুই দশক আগে কাস্টমস কর্মকর্তা আকবর সাঈদ চৌধুরীকে ‘গলায় গামছা পেঁচিয়ে’ হত্যার ঘটনায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আককাস এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।


দণ্ডপ্রাপ্তরা হলেন—বেল্লাল হোসেন, ডালিম মল্লিক, কামাল সিকদার, আল আমিন, পনু ব্যাপারি ও মো. হোসেন। এদের মধ্যে কামাল সিকদার পলাতক রয়েছেন। তারা ‘গামছা পার্টি’র সদস্য বলে জানা গেছে। খালাসপ্রাপ্তরা হলেন—সেলিম, হুমায়ুন কবির, আবু তাহের, শহীদ রাজা ও জামাল।


মামলার নথি অনুযায়ী, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাটের প্রিভেনটিভ অফিসার আকবর সাঈদ চৌধুরী ২০০৬ সালের ২৯ আগস্ট রাতে পাঁচলাইশ থানার নাসিরাবাদ আবাসিক এলাকার অংকুর স্কুলের সামনে অটোরিকশায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হন। পরে তার গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। মামলায় বলা হয়, পথিমধ্যে গামছা পার্টির সদস্যরা তার কাছ থেকে মালামাল ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে ফেলে যায়।


এ ঘটনায় নিহতের ভাই মঈন উদ্দিন সাঈদ চৌধুরী পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি মামলায় অভিযোগ গঠন করা হয় এবং ৩৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন।

ads
ads
ads

Our Facebook Page